ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ২৭ জনের মৃত্যু, কিয়েভে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ২৭ জনের মৃত্যু, আহত বহু। কিয়েভের বুচা জেলায় একাধিক বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি, ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত।

Share:

ব্যুরো নিউজ, ২৯ আগস্ট ২০২৬: ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ফের উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার রাতে রাজধানী কিয়েভের কাছে বুচা জেলায় একের পর এক রুশ ড্রোন আছড়ে পড়লে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন বহু মানুষ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ভয়াবহ হামলায় কিয়েভের একটি বিশাল গুদামেও বিস্ফোরণ ঘটে, যার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত তার শব্দ শোনা যায়। ইউক্রেন সেনার আধিকারিক তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, এই হামলায় প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু জায়গায় আগুন লেগে যায়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়ার সংঘাতের মধ্যেই এই নতুন হামলার ঘটনা ঘটল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি এই হামলাকে অমানবিক আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে, রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে, ইউক্রেনীয় সেনার অস্ত্রভাণ্ডারগুলি ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে এবং এর লক্ষ্য ছিল সামরিক পরিকাঠামো। উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ায় ইউক্রেনের চালানো হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এখনও নেভেনি, তার মধ্যেই ইউক্রেন-রাশিয়ার এই লাগাতার সংঘাত আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এবং শান্তি প্রতিষ্ঠার পথ আরও কঠিন করে তুলছে।