ব্যুরো নিউজ, ১৯ আগস্ট ২০২৬: জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে নয়াদিল্লি দীর্ঘকাল ধরে যে জোরাল সওয়াল করে আসছে, এবার শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে সেই দাবিকেই মান্যতা দিলেন মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর। বুধবার ভূস্বর্গ সফরে এসে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর “ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ”। তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করল এবং পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সের্গিও গোর-এর এটিই ছিল কেন্দ্রশাসিত অঞ্চলটিতে প্রথম একক সফর। ৩৭০ ধারা বাতিল এবং পহেলগাঁও হামলার পর কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির এটিই প্রথম এমন সফর। শ্রীনগরে এসে তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও জম্মু ও কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, সূত্র অনুযায়ী এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ। গোর বলেন, “এখানে আসতে পেরে ভালো লাগছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।” দীর্ঘ অর্ধশতকের বেশি সময় ধরে পাকিস্তান কাশ্মীরে উসকানিমূলক কার্যকলাপ চালিয়ে আসছে।
এই পরিস্থিতিতে মার্কিন দূতের এই মন্তব্য নিঃসন্দেহে ভারতের জন্য একটি ইতিবাচক বার্তা। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে, সন্ত্রাসবাদের আশঙ্কার কারণে কাশ্মীর উপত্যকায় মার্কিন নাগরিকদের জন্য জারি করা সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা শিথিল করার বিষয়টি আমেরিকা পুনর্বিবেচনা করবে। এই পদক্ষেপ উপত্যকায় পর্যটন ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।








