ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: বিশ্বভ্রমণের স্বপ্ন দেখিয়ে শেষমেশ চরম বিপাকে যাত্রীদের! আর্থিক সংকটে বন্ধ হয়ে যাওয়া মার্কিন সংস্থা Villa Vie Residences-এর বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘Odyssey’ এবার সিঙ্গাপুরে বাজেয়াপ্ত হল। আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করেছে সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ। ফলে কয়েক বছর ধরে সমুদ্রপথে বিশ্ব ঘোরার স্বপ্ন কার্যত অনিশ্চয়তায়।
২০২৪ সালের অক্টোবর মাসে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। পরিকল্পনা ছিল সাড়ে তিন বছরে ১৫০টি দেশ ঘোরার। যাত্রীদের জন্য ছিল তিন ধরনের ব্যবস্থা—কেবিন কিনে স্থায়ীভাবে বসবাস, পাঁচ বছরের রেসিডেন্সি অথবা কয়েক দিনের জন্য কেবিন ভাড়া নেওয়া।
কিন্তু শুরু থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল এই যাত্রা। মেরামতি ও কাগজপত্রের জটিলতায় চার মাস দেরিতে যাত্রা শুরু হয়। পরে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে সংস্থাটি পরিষেবা বন্ধ করে দেয়। গত মাসে কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে প্রায় ২০০ যাত্রীকে জাহাজ ছেড়ে নেমে যেতে হয়।
সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশে Odyssey-কে আটক করা হয়েছে। জাহাজের কর্মীরা সুস্থ রয়েছেন এবং তাঁদের দেখভালের দায়িত্ব নিয়েছেন ঋণদাতারা।
উল্লেখ্য, জাহাজটির কেবিনের দাম ছিল ১ লক্ষ ২০ হাজার থেকে ৪ লক্ষ ৪০ হাজার ডলার পর্যন্ত। বিলাসবহুল সমুদ্রযাত্রার এই স্বপ্ন কীভাবে আর্থিক বিপর্যয়ে পরিণত হল, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে চর্চা।









