বিতর্কের মুখে বড় সিদ্ধান্ত নির্বাচকদের, ভারতীয় দলে ডাক পেলেন আকিব নবি

বিতর্কের জেরে ভারতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে রিজার্ভ বা নেট বোলার হিসাবে যোগ দেবেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ না হলেও, এবার টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন আকিব নবি। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য কাশ্মীরের এই পেসারকে রিজার্ভ বা নেট বোলার হিসাবে দলে ডেকেছেন নির্বাচকরা। কোনও পেসার চোট পেলে তাঁকে মূল দলে যোগ দিতে বলা হবে। গত দুই মরশুমে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল বোলার আকিব নবি। জম্মু ও কাশ্মীরকে রনজি ট্রফিতে সাফল্যের শিখরে পৌঁছে দিতে তাঁর অবদান অনস্বীকার্য।

গত মরশুমে ২৪ বছর বয়সি এই পেসার মাত্র ১২.৫৭ গড়ে ৬০ উইকেট শিকার করেছিলেন। অথচ, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার সময় নবিকে সুযোগ না দিয়ে পঞ্জাবের গুর্নুর ব্রারকে নেওয়া হয়েছিল, যিনি ২১.২৬ গড়ে ২৩ উইকেট পেয়েছিলেন। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মাপকাঠি হলে নবির মতো সফল ক্রিকেটার কেন ব্রাত্য থাকবেন, সেই প্রশ্ন ওঠে। এমনকি কাশ্মীরবাসী হওয়ার কারণেই তাঁকে বঞ্চিত করা হয়েছে, এমন অভিযোগও শোনা যায়।

প্রধান নির্বাচক অজিত আগরকর প্রথমে দাবি করেছিলেন যে ভারতের মাটিতে খেলা হওয়ায় বেশি পেসার নেওয়ার সুযোগ ছিল না। তবে সেই বিতর্ক ধামাচাপা দেওয়া যায়নি। শেষমেশ বিতর্কের মুখে নবিকে জাতীয় দলের সঙ্গে নেট বোলার এবং ব্যাক আপ হিসাবে যোগ দিতে বলা হয়েছে। মঙ্গলবার থেকেই আফগানদের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। মোট ৭ জন নেট বোলারের মধ্যে নবিও রয়েছেন। চোটের কারণে কোনও পেসার ছিটকে গেলে, তিনি ১৫ জনের মূল দলে ঢুকতে পারেন, যদিও তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা কম।