ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ঃ ঐতিহাসিক সফরে নিউ জ়িল্যান্ড যাচ্ছে ভারতীয় পুরুষ ফুটবল দল। চলতি বছরের নভেম্বরে দুই ম্যাচের সিরিজ় খেলতে কিউইদের দেশে পা রাখবে টিম ইন্ডিয়া। দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সিরিজ়ের আয়োজন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউ জ়িল্যান্ড সফর চলাকালীনই এই সিরিজ়ের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বিশ্বকাপের মূলপর্বে অংশ নেওয়া নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের জন্য এক কঠিন পরীক্ষা। যদিও চলতি বছরের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল কিউইরা, তবুও তাদের বিরুদ্ধে খেলা ভারতীয় ফুটবলারদের নিজেদের শক্তি যাচাই করার এক বড় সুযোগ। নভেম্বরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজিত হবে এই দুটি প্রীতি ম্যাচ।
প্রথম ম্যাচটি ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে খেলা হবে। এর পরে ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের নবনির্মিত ওয়ান নিউ জ়িল্যান্ড স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য, ওয়ান নিউ জ়িল্যান্ড স্টেডিয়ামে এটিই হবে প্রথম আনুষ্ঠানিক ফুটবল ম্যাচ। ভারত ও নিউ জ়িল্যান্ডের পুরুষদের ফুটবল টিম এর আগে মাত্র দু’বার মুখোমুখি হয়েছে। প্রথম বার ১৯৮১ সালে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় সাক্ষাতে ২০১৮ সালে ২-১ ব্যবধানে জিতেছিল নিউ জ়িল্যান্ড। তাই এই সফরে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্যে নামবে ভারতীয় দল। রায়ান উইলিয়ামস এবং সন্দেশ ঝিঙ্গানদের মতো খেলোয়াড়দের সামনে নিজেদের প্রমাণ করার এটি এক সুবর্ণ সুযোগ।








