ব্যুরো নিউজ, ১২ জুলাই ২০২৬ঃ আর্জেন্টিনার ফুটবল জগতে লিওনেল মেসির ছায়া সরিয়ে এক নতুন তারকার জন্ম হয়েছে, যিনি এখন ‘দ্য স্পাইডার’ নামেই পরিচিত। জুলিয়ান আলভারেজ়, এক সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার ত্রাতা। সম্প্রতি সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তাঁর জাদুকরী গোল দলকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে, যা প্রমাণ করে মেসি যদি দলের চালিকাশক্তি হন, তবে আলভারেজ় হলেন সেই যোদ্ধা যিনি প্রতিপক্ষের রক্ষণ তছনছ করে মেসির জন্য জায়গা তৈরি করেন।
মাত্র আড়াই হাজার মানুষের ছোট্ট কৃষিপ্রধান শহর কালচিন থেকে উঠে আসা এই তরুণ, ছোটবেলায় ধুলোমাখা মাঠে খেলার সময় তাঁর অসাধারণ বল নিয়ন্ত্রণের ক্ষমতার জন্য ‘লা আরানা’ বা ‘দ্য স্পাইডার’ নামে পরিচিতি পান। তাঁর প্রথম কোচ রাফায়েল ভারাস জানিয়েছিলেন, আলভারেজ়ের খেলার ধরন দেখে মনে হতো তাঁর দুটোর বেশি পা আছে। প্রতি গোলের পর তাঁর মাকড়সার মতো উদযাপন সেই স্মৃতিরই প্রতিচ্ছবি। ট্রাকচালক বাবা ও স্কুলশিক্ষিকা মায়ের সন্তান আলভারেজ়ের ফুটবল জীবন সহজ ছিল না। ১১ বছর বয়সে রিয়াল মাদ্রিদের ট্রায়ালে সফল হলেও ফিফার নিয়মের কারণে চুক্তি হয়নি।
তবে রিভার প্লেট ও ম্যানচেস্টার সিটিতে নিজেকে গড়ে তুলেছেন তিনি। ইতিমধ্যেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগের মতো বড় ট্রফি জিতেছেন ২৬ বছর বয়সী এই তারকা। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিধারী দলের যখনই প্রয়োজন হয়েছে, মাকড়সার মতো জাল বুনে দলকে রক্ষা করতে ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন এই ‘স্পাইডার’।








