ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ আট বছরের খুদে মানু লিটইয়ের জীবনে এক রূপকথার জন্ম দিল একটি চিঠি। নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে জন্মদিনে লেখা তার আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কে ভেবেছিল, এই চিঠিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? মেসির প্রতি তার ভালোবাসা এবং নিজের ফুটবলার হওয়ার স্বপ্নই ছিল সেই চিঠির মূল বিষয়।
চিঠিতে মানু মেসিকে লিখেছিল, “প্রিয় লিও, আজ তোমার জন্মদিন। তুমি আমার কাছে কী, কতটা গুরুত্বপূর্ণ, সেটা জানিয়েই আমি দিনটা শেষ করতে চাই। তোমাকে খেলতে দেখে মনে হয় বলটা যেন তোমার শরীরের অংশ। মানুষ হিসাবেও তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি সতীর্থদের সাহায্য করো, কখনও হাল ছেড়ে দাও না। আমি নিজেও ফুটবল খেলি, আমার বিশাল স্বপ্ন প্রফেশনাল ফুটবলার হওয়ার। যখনই স্বপ্নের কথা ভাবি, শুধু তোমাকেই মনে পড়ে। কারণ তুমিই দেখিয়ে দিয়েছ যে কঠিন স্বপ্নও বাস্তবে পরিণত হতে পারে।” এই হৃদয়স্পর্শী চিঠিটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
এরপরই মেসির এক বাণিজ্যিক অংশীদার মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাদের পক্ষ থেকে মানু ও তার পরিবারের আমেরিকা যাওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়। এর ফলে তারা মাঠে বসে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ দেখার বিরল সুযোগ পাবে। একটি টিভি চ্যানেলও মানুর উদ্দেশে বার্তা দেয়, “আজ থেকে তুমি আর একা স্বপ্ন দেখবে না। আমরা চাই তোমার পরের অধ্যায়ের স্বপ্নপূরণের পথে পাশে থাকতে।” ছোট্ট মানুর কাছে এটি শুধুই এক স্বপ্নপূরণ নয়, যেন এক জীবন্ত রূপকথা, হয়তো মেসির সঙ্গে সাক্ষাতের স্বপ্নও পূরণ হতে চলেছে তার।








