খাদের কিনারা থেকে দুরন্ত কামব্যাক! প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর জিতলেন আর প্রজ্ঞানন্দ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে কারুয়ানাকে হারালেন চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার।

Share:

ব্যুরো নিউজ, ২৮ আগস্ট ২০২৬: বিশ্বদাবার মঞ্চে ইতিহাস গড়লেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। প্রথম ভারতীয় হিসেবে তিনি গ্র্যান্ড চেস ট্যুর (Grand Chess Tour) চ্যাম্পিয়নশিপ জিতলেন। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে এই নজির গড়েন চেন্নাইয়ের এই তরুণ দাবাড়ু। একসময় ৩-৯ ব্যবধানে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এই জয় ছিনিয়ে নিয়েছেন প্রজ্ঞানন্দ, যা বিশ্ব দাবার আঙিনায় রীতিমতো সাড়া ফেলেছে। তাঁর এই দুরন্ত কামব্যাক বিশ্বজুড়ে দাবার অনুরাগীদের মুগ্ধ করেছে। ক্লাসিক্যাল গেমের পর কারুয়ানার থেকে ছ’পয়েন্ট পিছিয়ে থাকায় প্রজ্ঞার চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেন্ট লুইসে অসম্ভবকে সম্ভব করে দেখালেন তিনি।

টানা দু’টি র‍্যাপিড গেম জিতে ১১-৯ ব্যবধানে এগিয়ে যান। এরপর প্রথম ব্লিটজ গেম ড্র হয় এবং দ্বিতীয়টিতে কারুয়ানা জিতলে স্কোর দাঁড়ায় ১২-১২। স্নায়ুর চরম চাপ সামলে তৃতীয় ব্লিটজ গেমে ফের জয় ছিনিয়ে নেন ভারতীয় তারকা। শেষ গেমে জেতার সুযোগ থাকলেও ‘থ্রিফোল্ড রিপিটেশন’-এর মাধ্যমে ড্র করে কাঙ্ক্ষিত ট্রফি নিশ্চিত করেন। মোট ছ’টি গেমের মধ্যে প্রজ্ঞানন্দ তিনটি জেতেন, দু’টি ড্র করেন এবং মাত্র একটিতে হারেন। জয়ের পর নিজের বিস্ময় গোপন করেননি প্রজ্ঞানন্দ। তিনি জানান, ছ’পয়েন্টে পিছিয়ে থাকার পর জেতার খুব একটা সুযোগ তিনি দেখেননি। ফাবির মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে র‍্যাপিডে জোড়া জয়ই আসল ছিল বলে তিনি মনে করেন। এই বছরটা প্রজ্ঞানন্দের জন্য দারুণ কেটেছে। নরওয়ে চেসে ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়ে শিরোপা জয় থেকে শুরু করে সেন্ট লুইস র‍্যাপিড ও ব্লিটজ খেতাব ছিনিয়ে নেওয়া, সব মিলিয়ে এক অসাধারণ বছর। এই মেগা জয়ের সুবাদে তিনি ২ লক্ষ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা পকেটে পুরেছেন। তাঁর পরবর্তী লক্ষ্য এখন দাবা অলিম্পিয়াড, যেখানে ভারতীয় দল খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে।