ব্যুরো নিউজ, ৩০ আগস্ট ২০২৬: ইস্টবেঙ্গলের দলবদলের বাজারে বড় চমক। মহম্মদ সানানের অন্তর্ভুক্তি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই তাঁর সতীর্থ তথা অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্দেসকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। রবিবার সরকারিভাবে এক বছরের চুক্তিতে ৩০ বছর বয়সি এই ফুটবলারকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। জাতীয় দলের হয়ে খেলা রেনিয়ার দুর্দান্ত ছন্দে রয়েছেন। সদ্য বন্ধ হওয়া জামশেদপুর এফসির জার্সিতে এবারের ডুরান্ড কাপে মাঠে নেমে একটি নজরকাড়া হ্যাটট্রিকও করেছিলেন তিনি। মাঝমাঠে খেলার পাশাপাশি বক্সে ঢুকে গোল করার সহজাত দক্ষতার কারণে ডুরান্ড চলাকালীনই তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন ইস্টবেঙ্গল কর্তারা। জামশেদপুর দল তুলে নেওয়ার পর সুযোগ হাতছাড়া করেনি লাল-হলুদ। তাঁর অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দীর্ঘদিন ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলার অভিজ্ঞতা রয়েছে রেনিয়ারের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২৫টি ম্যাচ খেলেছেন তিনি।
মুম্বই সিটি এফসি, এফসি গোয়া, ওডিশা এফসি ও জামশেদপুর এফসির মতো শীর্ষ ক্লাবের হয়ে খেলার পাশাপাশি আইএসএল ট্রফি, লিগ শিল্ড এবং সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন। জাতীয় দলের জার্সিতেও একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কলকাতা ময়দান রেনিয়ারের কাছে অপরিচিত নয়, এক দশক আগে মোহনবাগানের জার্সিতেও খেলেছেন তিনি। সামনে আইএসএল, এএফসি কাপ, সুপার কাপ ও আইএফএ শিল্ডের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। ব্যস্ত সূচিতে দলের গভীরতা বাড়াতে এডমুন্ড, নাওরেম মহেশ, পি ভি বিষ্ণু ও বিপিনদের পাশে রেনিয়ারের অন্তর্ভুক্তি দলের আক্রমণ ও মাঝমাঠের বোঝাপড়াকে আরও ধারালো করবে বলে মনে করা হচ্ছে।








