বিশ্বকাপ মাতাতে ফিরছেন শাকিরা! ‘ওয়াকা ওয়াকা’-র পর এবার ‘ডাই ডাই’ গান নিয়ে ঝড় তুললেন পপ তারকা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান 'ডাই ডাই'-এর টিজার মুক্তি পেল। 'ওয়াকা ওয়াকা'-র পর শাকিরা এবার বার্না বয়ের সঙ্গে মাতাবেন ফুটবল বিশ্ব।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ ফুটবল বিশ্বকাপ এবং শাকিরা—এই জুটি বিশ্বজুড়ে পরিচিত। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ গানের পর কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও ফিরছেন ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে। এবারের গানটির নাম ‘ডাই ডাই’, যার টিজার মুক্তি পেতেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। শাকিরার সঙ্গে এই গানে সঙ্গত দিয়েছেন আফ্রোবিটস শিল্পী বার্না বয়, যা গানটিকে আন্তর্জাতিক স্তরে আরও জনপ্রিয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রায় এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে শাকিরা নিজেই এই খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, “মারাকানা স্টেডিয়াম থেকে হাজির ‘ডাই ডাই’, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান!” পোস্টে বার্না বয়ের নামও উল্লেখ করা হয়েছে। ভিডিওতে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে শাকিরা ও তাঁর দলের নাচ দেখা যাচ্ছে। গানের কিছু অংশ যেমন ‘হিয়ার ইন দিস প্লেস/ ইউ বিলং। হোয়াট ব্রোক ইউ ওয়ান্স/ মেড ইউ স্ট্রং’ ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। ছন্দ-তালে মাতানো সম্পূর্ণ গানটি ১৪ মে প্রকাশ পাবে বলে জানা গেছে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ আন্তর্জাতিকভাবে বিশাল সাফল্য পেয়েছিল এবং তারপর থেকেই ফুটবল বিশ্বকাপের সঙ্গে পপ তারকার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

২০২৬ সালের বিশ্বকাপ ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হবে এবং ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ যৌথভাবে ৪৮ দলের এই বৃহৎ টুর্নামেন্টের আয়োজন করছে। ফিফার তরফে এখনও পুরো মিউজিক ভিডিও প্রকাশ না হলেও, মারাকানায় শুট হওয়া প্রথম ঝলক থেকে বোঝা যাচ্ছে, বিশ্বকাপের মঞ্চে আবারও বড়সড় ছাপ রাখতে চাইছেন শাকিরা। কোকা-কোলাও তাদের নিজস্ব অফিসিয়াল গান প্রকাশ করলেও, শাকিরার প্রত্যাবর্তন নিয়েই আলোচনা তুঙ্গে।