ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ ভারতীয় ক্রিকেট মহলে এখন একটাই প্রশ্ন, কবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর? আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও সুযোগ মেলেনি তাঁর। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়ার একাদশে বড় রদবদলের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, এই ম্যাচেই ভারতের জার্সিতে মাঠে নামতে পারেন বৈভব। বর্তমান টি-টোয়েন্টি দলে ওপেনিংয়ে রয়েছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। সাম্প্রতিক ম্যাচগুলিতে সঞ্জু নিজের প্রত্যাশা পূরণ করতে পারেননি। পর পর তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর তাঁর ওপেনিং পজিশন নিয়ে প্রশ্ন উঠেছে।
এমতাবস্থায়, কয়েকটি সূত্র দাবি করছে যে, সঞ্জুর জায়গায় বৈভব সূর্যবংশীকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তবে সঞ্জু দল থেকে বাদ পড়ছেন না; বরং তাঁকে তিন নম্বর পজিশনে নামিয়ে আনা হতে পারে। ইশান কিষাণকে দেখা যেতে পারে চার নম্বরে। এই রদবদলের ফলে তরুণ ক্রিকেটার তিলক বর্মাকে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে। অর্থাৎ, বৈভবের অভিষেকের জন্য জায়গা ছাড়তে হতে পারে ভারতের এই প্রতিশ্রুতিমান ব্যাটারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে: বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।








