ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর ২০২৬: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পর সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, সোমবার থেকে তা ফের বাড়বে। বিশেষ করে মঙ্গলবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ের তিন জেলায় সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। ফলে পুজোর আগে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।








