ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ পশ্চিমবঙ্গে ফের স্মার্ট প্রিপেড বিদ্যুৎ মিটার চালুর সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, সরকারি দফতরগুলিতে এই প্রযুক্তি বসানোর কাজ দ্রুত শেষ হওয়ার পর ধাপে ধাপে সাধারণ গ্রাহকদের বাড়িতেও স্মার্ট মিটার চালু করা হতে পারে। এই নতুন ব্যবস্থায় গ্রাহকদের আগে টাকা রিচার্জ করতে হবে, অনেকটা প্রিপেড মোবাইল পরিষেবার মতোই। ব্যালান্স শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
সাধারণ মানুষের মনে প্রশ্ন, ২০০ টাকার রিচার্জে কতদিন বিদ্যুৎ মিলবে? বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, একটি সাধারণ পরিবারে ফ্যান, ফ্রিজ, টেলিভিশন এবং কয়েকটি এলইডি আলো ব্যবহারের ক্ষেত্রে ২০০ টাকার রিচার্জ প্রায় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলতে পারে। তবে, যদি এসি, গিজার বা অন্যান্য উচ্চ বিদ্যুৎ-খরচের যন্ত্র ব্যবহার করা হয়, তাহলে সেই সময় আরও কমে যাবে। ১০০ টাকার রিচার্জে প্রতিদিন তিন থেকে চার ইউনিট বিদ্যুৎ ব্যবহার হলে তা দু’ থেকে তিন দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে।
অন্যদিকে, ৫০০ টাকার রিচার্জ সীমিত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রায় পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত টিকে থাকতে পারে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, স্মার্ট মিটারের সাফল্য অনেকটাই নির্ভর করবে সচেতন ব্যবহারের উপর। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, এলইডি আলো ব্যবহার, এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করলে একই রিচার্জে অনেক বেশি দিন পরিষেবা পাওয়া সম্ভব। যদিও সাধারণ গ্রাহকদের জন্য স্মার্ট প্রিপেড মিটার চালুর আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবু প্রশাসনিক তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে যে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে।








