অভিষেকের অফিসের বিলবোর্ড অপসারণ: হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি, জরুরি শুনানি খারিজ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড অপসারণ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি মিলল। জরুরি শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি।

Share:

ব্যুরো নিউজ, ২৮ আগস্ট ২০২৬: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ের বাইরের সাইনবোর্ড ও বিলবোর্ড খুলে ফেলার ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি মিলেছে। বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গল বেঞ্চে আইনজীবী কিশোর দত্ত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান।

তিনি দাবি করেন, কোনও বৈধ অনুমতিপত্র বা নোটিস ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে অফিসে অভিযান চালানো হয়েছে। বিচারপতি কিশোর দত্তের বক্তব্য শোনার পর মামলাটি দায়ের করার অনুমতি দেন। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে, আইনানুগ ও যথাযথ নির্দিষ্ট নিয়ম মেনে আগে মামলা দায়ের করতে হবে। তারপর বিষয়টি নিয়ে নতুন করে এজলাসে এসে দৃষ্টি আকর্ষণ করতে হবে; তখনই সময় নির্ধারণ করে আদালত শুনানি করবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ নজিরবিহীন অভিযান চালায়। দফতরে থাকা তৃণমূলের নামাঙ্কিত একটি বিলবোর্ড খুলে ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। এই বিলবোর্ড সরাতে গিয়ে পুলিশি পদক্ষেপের নামে ‘অত্যাচার’-এর অভিযোগ ওঠে। পুরকর্মী ও পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অভিষেকের অনুগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং কয়েক জনকে আটকও করা হয়। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।