কণ্ঠস্বর বিতর্কে হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতির

কণ্ঠস্বর নমুনা বিতর্কে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন খারিজ করলেন বিচারপতি। বাড়ল আইনি জটিলতা।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত বিতর্কে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির জন্য তাঁর আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতার আইনি জটিলতা আরও বাড়ল। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে ‘ডিজে’ বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্যের জেরে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তে নেমে সিআইডি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানায়। আদালত সেই অনুমতি দিলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান।

তাঁর যুক্তি ছিল, তিনি কখনও অস্বীকার করেননি যে ওই কণ্ঠস্বর তাঁর নয়, তাহলে কেন আবার নমুনা সংগ্রহ করা হবে? গত ৩০ জুন বিধাননগর আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেদিন তিনি আদালতে উপস্থিত হননি। উল্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি তখন জানিয়ে দেন, মূল মামলা যেখানে বিচারাধীন, সেখানেই অভিষেকের আবেদনের শুনানি হতে পারে। এরপর আজ, অভিষেকের আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানালে আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। আগামী ৮ জুলাই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ রয়েছে। এখন দেখার, অভিষেক কী পদক্ষেপ নেন।