অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবেই: দিনক্ষণ বেঁধে আদালতের চূড়ান্ত নির্দেশ

ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবেই। দিনক্ষণ বেঁধে নির্দেশ দিল আদালত। হাইকোর্ট রক্ষাকবচ না দেওয়ায় চাপ বাড়ল তৃণমূল সাংসদের।

Share:

ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ ক্রমশ বাড়ছে। তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হবেই, এই মর্মে কড়া নির্দেশ দিয়েছে আদালত। বিধাননগর আদালত রীতিমতো দিনক্ষণ বেঁধে এই নির্দেশ জারি করেছে। আগামী ৮ জুলাই সকাল ১০টায় বিধাননগর এসিজেএম আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে, যেখানে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। এর আগে গত ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে উপস্থিত হননি।

সিআইডি-র তরফে তখন জানানো হয়েছিল যে, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও হাইকোর্টে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও স্বস্তি পাননি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল যে, আদালত তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না। তিনি তৃণমূল সাংসদকে আলাদা করে কোনও রক্ষাকবচ দেননি। শুধু তাই নয়, গতকাল সওয়াল-জবাব শেষে বিচারপতি ঘোষ এই মামলাটি ছেড়ে দেন। তিনি জানান, এই বিষয়ক আরেকটি মামলা অন্য একজন বিচারপতির এজলাসে চলছে।

এর ফলে অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারে ‘ডিজে বাজানো’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতেই এই মামলাটি শুরু হয়েছিল। তদন্তকারীরা এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চাইছেন। আদালতের এই নির্দেশের পর এখন পরবর্তী পদক্ষেপের দিকেই সকলের নজর।