ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ আইনি জটিলতায় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। নির্বাচনী হলফনামায় আয় ও সম্পত্তির তথ্য নিয়ে অসঙ্গতির অভিযোগের জেরে সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতের কাছে আগাম জামিনের আবেদন জানিয়েছেন অদিতি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, প্রার্থীদের নিজেদের আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে, অদিতি মুন্সির জমা দেওয়া হলফনামায় সম্পত্তির বিবরণ সম্পূর্ণ নয়। তরুণজ্যোতি তিওয়ারি নামে এক ব্যক্তি অদিতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, মনোনয়নপত্রে সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করেননি অদিতি। অভিযোগ উঠেছে, অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জমি কিনেছিলেন, যার বিক্রয়মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। এমনকি চলতি বছরের ২৫ মার্চ তিনি একটি জমি বিক্রি করেছিলেন, সেই তথ্যও গোপন করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই যেকোনো মুহূর্তে আইনি পদক্ষেপের মুখে পড়ার আশঙ্কা করছেন তৃণমূল প্রার্থী।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ চেয়ে অদিতি মুন্সির আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান। বিচারপতি জয় সেনগুপ্ত আবেদন গ্রহণের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চেই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিতর্ক বিরোধীদের হাতেও বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার আদালত অদিতিকে অন্তর্বর্তী স্বস্তি দেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক শিবিরের।








