আদ্রা ডিভিশনে ফের বাতিল একাধিক ট্রেন, ক্ষুব্ধ যাত্রীদের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি

আদ্রা ডিভিশনে ফের ট্রেন বাতিল, চরম দুর্ভোগে যাত্রীরা। ৬ বছরের হয়রানির পর বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ক্ষুব্ধ যাত্রীরা।

Share:

ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ফের একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। ব্লক, ট্রেন বাতিল এবং রুট ঘুরিয়ে দেওয়ার ঘটনা যেন এই অঞ্চলে রোজকার হয়ে উঠেছে। এর জেরে গত ছয় বছর ধরে আদ্রা ডিভিশনের রেল পরিষেবা কার্যত তলানিতে এসে ঠেকেছে, যার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এই লাগাতার হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা এবার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। স্থানীয় গণসংগঠন ও রাজনৈতিক দলগুলিও এই প্রতিবাদে সামিল হওয়ার কথা জানিয়েছে।

আন্দোলনকারী সংগঠনের নেতা বিনয় ভট্টাচার্য এবং স্বদেশপ্রিয় মাহাতো অভিযোগ করেছেন, রেলের খামখেয়ালিপনা এবং প্রশাসনের সদিচ্ছার অভা fবে সাধারণ মানুষ দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের মতে, আদ্রা ডিভিশনের রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকলেও সরকার ও রেল কর্তৃপক্ষ উদাসীন। যদিও বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা জানিয়েছেন, শুধুমাত্র আদ্রা নয়, প্রতিটি ডিভিশনেই উন্নয়নমূলক কাজ চলছে এবং আগামী দিনে উন্নত পরিষেবা মিলবে। সম্প্রতি, আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য ৫, ৭, ৮ ও ৯ আগস্ট টাটানগর-আসানসোল মেমু (68056) সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও, আদ্রা-আসানসোল মেমু (68046/68045), আদ্রা-মেদিনীপুর মেমু (68090/68089) এবং ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু (68023/68024) সহ বেশ কিছু লোকাল ট্রেন বিভিন্ন তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীরা রেলের বিরুদ্ধে একজোট হয়ে চরম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী দিনে বড় আন্দোলনের রূপ নিতে পারে।