ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ তোলাবাজি বরদাস্ত করা হবে না, বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে দলের প্রবীণ নেতা শমীক ভট্টাচার্য এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একই বার্তা দিয়েছিলেন। এবার অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিলেন, তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলের অভ্যন্তরে দুর্নীতি দমনে বিজেপি যে বদ্ধপরিকর, তা তাঁর এই মন্তব্যে আরও একবার স্পষ্ট হয়ে গেল। তৃণমূল সরকারের আমলে তোলাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট এবং কাটমানির বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি। ভোটের আবহে এগুলিকেই বিরোধিতার মূল হাতিয়ার করেছিল পদ্ম শিবির। তবে ক্ষমতায় আসার পরেও কিছু জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “আমরা সবাইকে ডিটারজেন্ট কিংবা ওয়াশিং মেশিনে ধুয়ে আনিনি। তাঁরাও রক্তমাংসের মানুষ। অনেকে ভাবছেন এভাবে আয় করব।” তবে তিনি জোর দিয়ে বলেন যে, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন এবং দল এই ধরনের কার্যকলাপকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। মন্ত্রী আরও জানান, তোলাবাজি, বেআইনি সিন্ডিকেট, অবৈধ টোল ট্যাক্স এবং মদের ঠেক সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সাধারণ মানুষ এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তবে কেউ যদি এই নম্বরগুলির অপব্যবহার করেন বা ব্যক্তিগত স্বার্থে কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিমিত্রা পাল আরও একবার দলের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমাদের রাজ্য সভাপতির বার্তাই চূড়ান্ত। উনি স্পষ্ট বলেছেন, এসব করলে দল থেকে বার করে দেওয়া হবে।” তিনি নিশ্চিত করেন যে, বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দলের ভিতরেও একই নীতি বজায় থাকবে।








