ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি পূরণে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহিলাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি, রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের শৌচাগার নির্মাণ নিয়ে এক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত মহিলা শৌচাগারের অভাবে মহিলাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিদ্যমান শৌচাগারগুলির অবস্থাও অত্যন্ত শোচনীয় এবং সেখানে জলের সঠিক ব্যবস্থা নেই বলে অভিযোগ। এই সমস্যা নিরসনে বিজেপি সরকার এবার উদ্যোগী হয়েছে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই কলকাতা সহ রাজ্যের অন্যান্য অংশে মহিলাদের জন্য আধুনিক শৌচাগার নির্মাণ করবে এবং প্রতিটি স্থানে যথাযথ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সাথে, পূর্বতন সরকারের আমলে নির্মিত কিছু শৌচাগারের সামনে নগ্ন শিশুদের মূর্তি স্থাপন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়া শ্মশানের সামনে এমন মূর্তি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এই ধরনের নির্মাণকে ‘নিম্নরুচির’ বলে আখ্যা দিয়েছেন এবং পূর্বতন সরকারের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আরও জানান, এই শৌচাগার নির্মাণে ব্যয়ের অডিট করা হবে। বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও এই ঘটনার তীব্র নিন্দা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কুরুচির প্রমাণ’ বলে মন্তব্য করেছেন।








