ব্যুরো নিউজ, ১১ জুলাই ২০২৬ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সপ্তাহে ফের দু’দিনের সফরে আসছেন পশ্চিমবঙ্গে। এক মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় বঙ্গ সফর। আগামী ১৮ ও ১৯ জুলাই তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে বিখ্যাত আমুল সংস্থার দই কারখানার উদ্বোধন করবেন শাহ।
গুজরাটের এই সংস্থা দাবি করেছে যে, এটি বিশ্বের বৃহত্তম দই প্রক্রিয়াকরণ কারখানা হতে চলেছে। রাজ্যে শিল্পায়নে জোর দেওয়ার যে নীতি শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার নিয়েছে, এটি তারই অংশ বলে মনে করা হচ্ছে। ১৯ জুলাই অমিত শাহের মূলত সাংগঠনিক কর্মসূচি রয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। রাজ্যে শাসকদল হওয়ার পর বিজেপি ঠিক কোন পথে এগোবে, সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করে দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও, দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এই সফর রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, কারণ এর মাধ্যমে ‘ডবল ইঞ্জিন সরকার’-এর বার্তা আরও জোরালো হবে এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন দিশা মিলবে বলে আশা করা হচ্ছে।








