ব্যুরো নিউজ , ৬ জুলাই ২০২৬ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) আকস্মিক আগমন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বালিগঞ্জ পার্কের বাড়িতে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বিকেলে প্রসেনজিতের বাসভবনে যান। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা।
যদিও বিজেপি নেতৃত্ব এবং অভিনেতা উভয়েই এটিকে নিছকই ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন। জানা গিয়েছে, ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অন্যান্য কর্মসূচি সেরে বিকেল ৪:৫৫ নাগাদ প্রসেনজিতের বাড়িতে পৌঁছন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রায় ১৫ মিনিট তাঁরা প্রসেনজিতের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অভিনেতাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত কিছু বইও উপহার দেন। বিজেপির তরফে জানানো হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলা ‘সম্পর্ক অভিযান’-এর অংশ হিসেবেই এই সাক্ষাৎ। এছাড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন পদ্মশ্রী সম্মান গ্রহণ করতে দিল্লিতে গিয়েছিলেন, তখনই তিনি অমিত শাহকে তাঁর বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “বুম্বাদা আমাদের সকলের প্রিয় অভিনেতা। তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সিনেমা নিয়ে অনেক কথা হল। এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ, রাজনীতির কোনও যোগসূত্র নেই।”
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন এবং বারবার স্পষ্ট করেছেন যে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। অতীতের বিজেপিতে যোগদানের গুজবও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। এই সাক্ষাৎ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক জল্পনা আপাতত ‘সৌজন্যে’র আড়ালেই চাপা পড়ল।








