ব্যুরো নিউজ, ৬ জুলাই ২০২৬ : রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণা করার পর থেকেই আজকের দিনটি ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে। এই উপলক্ষে একাধিক কর্মসূচিতে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিকেলে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করবেন তিনি। এরপর প্রয়াত নেতার ভবানীপুরের পৈতৃক ভিটেতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। সেখান থেকে সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দলের ঘোষিত এই তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য নেতা ও মন্ত্রীরা। সাংসদদেরও অনেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিধানসভাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত নেতার স্কুল মিত্র ইনস্টিটিউশন এবং আশুতোষ মুখার্জি রোডে তাঁর পৈতৃক বাড়িও আলোর মালায় সেজে উঠেছে। সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিত্র ইনস্টিটিউশনে শ্রদ্ধা জানাবেন।
বিজেপির নির্দেশ অনুযায়ী, শ্যামাপ্রসাদকে স্মরণ করে রাজ্যের প্রতিটি জেলায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘ এবং সরকারি কর্মচারীদের সংগঠনগুলিও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। সব মিলিয়ে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী ঘিরে রাজ্যজুড়ে এক উৎসবের মেজাজ।








