ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার অবশেষে চালু করল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন পোর্টাল। প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকতে শুরু করবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন এই খবর। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি তাদের পুরনো অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। তবে, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা বয়সের কারণে আবেদন করতে পারেননি, তারা এবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। এর জন্যই পশ্চিমবঙ্গ সরকারের তরফে https://socialsecurity.wb.gov.in/login এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে।
এই পোর্টালে গিয়ে নতুন আবেদন করা যাবে এবং আবেদনের বর্তমান অবস্থা (স্ট্যাটাস) যাচাই করা যাবে। যদিও পোর্টালটি সবেমাত্র চালু হওয়ায় কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে। বর্তমানে শুধুমাত্র লগইনের অপশন রয়েছে, নতুন করে রেজিস্ট্রেশনের কোনও বিকল্প দেখা যাচ্ছে না। আশা করা হচ্ছে, দ্রুত এই সমস্যাগুলির সমাধান হবে। নতুন আবেদনকারীদের প্রথমে মোবাইল নম্বর ও আধার কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হতে পারে। সমস্ত তথ্য যাচাই হওয়ার পর প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এই প্রকল্প রাজ্যের বহু মহিলাকে আর্থিক সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।








