আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপরূপা, ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত পুলিশের

আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত পুলিশের।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার অবশেষে আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। মঙ্গলবার স্বামী শাকির আলির গ্রেফতারির সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় শুক্রবার শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার পর শনিবার শ্রীরামপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন অপরূপা। আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও, আগামী ৩০ সেপ্টেম্বর তাঁকে সল্টলেকের ময়ূখ ভবনে এমপি-এমএলএ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এনআইএ মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলির জামিন মঞ্জুর হওয়ার ২৪ ঘণ্টা পরেই অপরূপা পোদ্দার জামিন পেলেন।

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট দিনে থানায় হাজিরা না দেওয়ায় অপরূপার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছিল। শনিবার জামিন পাওয়ার পর প্রাক্তন সাংসদ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি, জানান তাঁর আইনজীবী কথা বলবেন। অপরূপার আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “আমরা ৩০ সেপ্টেম্বর সল্টলেকের ময়ূখ ভবনে এমপি-এমএলএ আদালতে হাজিরা দেব। পুলিশ তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আদালত আমাদের কথা মেনেছে।” তিনি আরও বলেন, “পুলিশ তো অনেক কিছুই বলতে পারে। ‘অ্যাটেমপ্ট টু মার্ডার’-এর কোনও ঘটনা না থাকলেও সেই মামলার কেস দেওয়া হচ্ছে।

‘অ্যাসল্ট’ তো কাউকে করা হয়নি! পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। আমরা আইনি ভাবে তার লড়াই করব।” অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, অপরূপাকে আবার নোটিস পাঠানো হতে পারে। কমিশনার সুনীলকুমার যাদব বলেন, “তথ্য জানতে ডাকা হয়েছিল। আবার ডাকা হতে পারে। সে দিন কারা কারা ছিলেন, সেই তথ্যগুলি জানতে চাওয়া হয়েছে। প্রয়োজন হলে আবার ডাকব।” এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।