বনগাঁ কাণ্ডে বিপাকে মিমি চক্রবর্তী, আদালতে গঠিত হল চার্জশিট

বনগাঁ কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট গঠন। তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ। মিমিকে শীঘ্রই আদালতে হাজিরা দিতে হতে পারে।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ ফের খবরের শিরোনামে উঠে এল বনগাঁকাণ্ড। এবার অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট গঠন করা হয়েছে। অভিযোগকারী তনয় শাস্ত্রীর বয়ানের ভিত্তিতে এই চার্জশিট গঠিত হয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই মিমিকে আদালতে হাজিরা দিতে হতে পারে। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও বিনোদন মহলে চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি বনগাঁর গোপালগঞ্জ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। সেখানেই ক্লাবের সদস্য তনয় শাস্ত্রীর সঙ্গে তাঁর বচসা হয়। মিমির অভিযোগ ছিল, তনয় তাঁকে ‘অভদ্র ভাবে’ মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এরপর মিমি স্থানীয় থানায় ই-মেল মারফত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয় শাস্ত্রীকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে। যদিও পরে তিনি জামিনে ছাড়া পান। জামিনে ছাড়া পাওয়ার পরই তনয় শাস্ত্রী পাল্টা মিমির বিরুদ্ধে মামলা করেন। তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন জানান।

তনয় শাস্ত্রীর দাবি, মিমি এক দিনও আদালতে হাজিরা দেননি, এমনকি ২ জুনও তাঁর আইনজীবী এসেছিলেন। তনয় জানিয়েছেন, “মিমি অকারণে আমায় জেলে পাঠিয়েছেন। এর প্রতিশোধ আমি নেবই।” এই আইনি জটিলতা থেকে মিমি কীভাবে নিজেকে রক্ষা করেন, এখন সেটাই দেখার।