বাঁকুড়ার পড়ুয়াদের যুগান্তকারী আবিষ্কার! মাত্র ৮০০০ টাকায় তৈরি বিদ্যুৎ সাশ্রয়ী মিনি এসি

বাঁকুড়ার পড়ুয়ারা মাত্র ৮০০০ টাকায় তৈরি করল বিদ্যুৎ সাশ্রয়ী মিনি এসি, যা ৭৫% কম বিদ্যুতে চলে। মধ্যবিত্তের জন্য গরম থেকে মুক্তির নতুন পথ।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ বাঁকুড়ার রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল পড়ুয়া তীব্র গরমে সাধারণ মানুষের স্বস্তি দিতে এক যুগান্তকারী আবিষ্কার করেছে। নিজেদের ফাইনাল ইয়ারের প্রজেক্ট হিসেবে তারা তৈরি করেছে একটি পকেট-বান্ধব মিনি এসি। তাদের দাবি, এই এসি তৈরি করতে মাত্র ৮০০০ থেকে ৮৫০০ টাকা খরচ হয়েছে, যা বাজারে প্রচলিত এয়ার কন্ডিশনের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করবে। সাধারণত, উচ্চ মূল্য এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের ভয়ে অনেকেই এসি কিনতে দ্বিধা করেন। কিন্তু কুন্তল মুখার্জী, লালন মহন্ত, বিবেক কুম্ভকার, কৌশিক মন্ডল, শুভম ব্যানার্জী, সুদীপ্ত কোনার এবং সৌরভ দত্ত সহ অন্যান্য শিক্ষার্থীরা অধ্যাপকদের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন।

এই মিনি এসির প্রধান ম্যাজিক লুকিয়ে রয়েছে এর ইঞ্জিনিয়ারিং-এ। এখানে একটি বিশেষ কম্প্রেসার ব্যবহার করা হয়েছে, যার বিদ্যুৎ টানার ক্ষমতা সাধারণ এসির থেকে অনেকটাই কম। এছাড়াও, খরচ আরও কমাতে ছাত্ররা এই যন্ত্রের বাইরের কাঠামো বা বডি তৈরিতে শক্ত কাগজের পিচবোর্ড ব্যবহার করেছে। কলেজের ওয়ার্কশপেই তৈরি এই যন্ত্রটিতে একটি কম ওয়াটের কম্প্রেসার, কনডেন্সার, এভাপরেটর, এক্সপ্যানশন ভালভ, কুলিং কয়েল ও এক্সহস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে। এই মিনি এসি সাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলির বাজেটের মধ্যেই তৈরি হয়েছে, যা ব্যবহার করলেও মাস শেষে বিদ্যুৎ বিল নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার পড়বে না। লাল মাটির জেলা বাঁকুড়ার এই তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা আবারও প্রমাণ করল যে প্রতিভা শুধু শহরে নয়, গ্রামের মধ্যেও লুকিয়ে থাকে।