বারুইপুরে নাবালিকার দেহ ঘিরে রণক্ষেত্র, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের, পুলিশের লাঠিচার্জ

বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র। দেহ আটকে বিক্ষোভ, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের। পুলিশের লাঠিচার্জ, রেল অবরোধ। গ্রেপ্তার ১।

Share:

নিউজ ব্যুরো, ৫ জুলাই ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যহাট এলাকায় এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিনভর রণক্ষেত্রের চেহারা নিল এলাকা।

স্থানীয়দের অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সূর্যপুর হাট এলাকায়। ক্ষুব্ধ জনতা নাবালিকার দেহ আটকে রেখে জয়নগর-কুলপি রোড অবরোধ করে। একইসঙ্গে শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনের সূর্যপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়, যার ফলে নামখানা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে কিছু জিনিস কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। এরপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলাশয় থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্থানীয় এক যুবককে শেষবার নাবালিকার সঙ্গে দেখা গিয়েছিল বলে অভিযোগ। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দেয়, যার ফলে ইন্দ্র তাঁতি (২৪) নামে ওই অভিযুক্তের মৃত্যু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা এবং বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে গেলে জনতা বাধা দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় রবিবার বিকেলে প্রভাস মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বাড়ুই জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।