‘পুষ্পা’ জাহাঙ্গিরের সঙ্গে চ্যাট বিতর্কে বিডিও শানুকে ওএসডি করল নবান্ন

'পুষ্পা' জাহাঙ্গিরের সঙ্গে ফোনালাপ বিতর্কে বিডিও শানু বক্সীকে ওএসডি করল নবান্ন। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে সরানো হল তাঁকে।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ নবান্নের নির্দেশে বিতর্কিত বিডিও শানু বক্সীকে ওএসডি পদে বদলি করা হল। সম্প্রতি তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সঙ্গে তাঁর ফোনালাপ ও চ্যাট ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল শুরু হয়েছিল। বুধবার রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকায় মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও পদ থেকে শানুকে সরিয়ে স্টেট গেজেটিয়ার্স-এর ওএসডি-র দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের নতুন বিডিও হচ্ছেন ধ্রুবাশিস সামন্ত।

জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শানু বক্সীকে ফলতার বিডিও পদে নিযুক্ত করেছিল রাজ্য সরকার। পরে নির্বাচন কমিশন তাঁকে মালদহে বদলি করে। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রটি বিশেষ ভাবে আলোচিত হয়েছিল। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, যিনি ‘পুষ্পা’ নামেও পরিচিত, ২১ মে পুনর্নিবাচনের আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। এর মধ্যেই ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সীর সঙ্গে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের ‘গোপন চ্যাট’ ফাঁস করেন ফলতার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।

ববির দাবি ছিল, ২০২৪ সালের লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা থেকে যে বিপুল ভোটের লিড পেয়েছিলেন, তার নেপথ্যে ছিল কারচুপি, যার প্রমাণ ওই চ্যাট। যদিও বিডিও শানু বক্সী তাঁর বিরুদ্ধে ওঠা মোবাইলে বার্তালাপের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার জেরে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। অবশেষে নবান্ন এই পদক্ষেপ করল। এছাড়াও নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও রঞ্জন সর্দারকেও স্টেট গেজেটিয়ার্স-এর ওএসডি করা হয়েছে এবং গার্গী দাসকে ওই ব্লকের নতুন বিডিও হিসেবে পাঠানো হয়েছে।