সাত দিনে দ্বিতীয় ট্রলারডুবি: উত্তাল বঙ্গোপসাগরে ১৩ মৎস্যজীবীর অলৌকিক উদ্ধার!

উত্তাল বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৩ মৎস্যজীবী। সাত দিনে দ্বিতীয় দুর্ঘটনা। শঙ্করপুরের নিখোঁজ ট্রলারের ৯ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার, ৬ জন এখনও নিখোঁজ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ জুলাই ২০২৬ঃ উত্তাল বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবির ঘটনা ঘটল। গত সাত দিনের মধ্যে এটি দ্বিতীয় দুর্ঘটনা, যা মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সোমবার রাতে কাকদ্বীপের ‘এফবি সিদ্ধিবিনায়ক’ নামের একটি ট্রলার বকখালি উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন।

জানা গিয়েছে, মাছ ধরে উপকূলে ফেরার পথে উত্তাল সমুদ্রের ঢেউয়ের দাপটে ট্রলারটির তলার অংশ ফেটে যায়। দ্রুত জল ঢুকতে শুরু করলে কিছুক্ষণের মধ্যেই সেটি সম্পূর্ণ ডুবে যায়। তবে সৌভাগ্যবশত, ওই সময়ে কাছাকাছি থাকা আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত ‘এফবি সিদ্ধিবিনায়ক’-এর ১৩ জন মৎস্যজীবীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ডুবে যাওয়া ট্রলারটিকে সমুদ্র থেকে উদ্ধার করা যায়নি।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে নিখোঁজ হওয়া আরও একটি ট্রলারের খোঁজ মিলেছে। রবিবার সুন্দরবনের গোবর্ধনপুরে ডুবন্ত অবস্থায় সেটি পাওয়া যায়। ওই ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ মেলেনি। গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল। সমুদ্র উত্তাল থাকায় প্রশাসন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং যারা সমুদ্রে আছেন, তাদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।