ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাস শুরু হতেই বাংলা জুড়ে চরম শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। ভিলেন এল নিনোর প্রভাবে বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং ঝড় বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা। আজ মঙ্গলবার থেকে বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় গরম ও আদ্রতায় ভরা আবহাওয়া থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন শুষ্কই থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং মাত্রাতিরিক্ত গরম বাড়বে। আগামী দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। স্বস্তির খবর একটাই, চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। তবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় গুমোট গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি বছর দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এল নিনোর প্রভাবে বর্ষার মাঝেই তীব্র প্রভাব দেখা যেতে পারে, যার জেরে চাষবাসের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগামীকালের (বুধবার) পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।







