ব্যুরো নিউজ, ১৭ আগস্ট ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে আল কায়দা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোশাল মিডিয়ায় ভারত বিরোধী প্রচার এবং যুবকদের মগজধোলাইয়ের কাজে জড়িত থাকার অভিযোগে এই অভিযান চালানো হয়।
এসটিএফ সূত্রে খবর, ধৃতরা আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্টের সদস্য। এই গ্রেপ্তারির ফলে বঙ্গে আল কায়দার জাল আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ‘মুঘলে আজম’ এবং ‘জিহাদ-ই-সবিবিল্লাহ’ নামে দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাগাতার ভারত বিরোধী উসকানিমূলক পোস্ট করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে এসটিএফ। প্রযুক্তিগত নজরদারি চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় তাদের গতিবিধি চিহ্নিত করা হয়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজনের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে জানাতুল বেগ ওরফে টুটুল। ভাঙড়ের পানাপুকুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে ধরা হয়। স্থানীয় প্রতিবেশীরা জানিয়েছেন, টুটুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় একাই ভাড়া থাকতেন। তিনি বেশিরভাগ সময় ঘরের মধ্যে মোবাইল বা ল্যাপটপে বিভিন্ন কাজ করতেন এবং খুব বেশি বাইরে বেরোতেন না। মাঝে মাঝে কিছু অচেনা লোক তার সঙ্গে দেখা করতে আসত। তবে ঠিক কী কাজ করতেন, তা প্রতিবেশীরা জানতেন না।
প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, এই দু’জন দাওয়াতের আড়ালে বা নির্দিষ্ট কিছু মাদ্রাসাগুলির মাধ্যমে ছোট ছোট এলাকায় যুবকদের মগজধোলাইয়ের কাজ চালাচ্ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে উগ্রপন্থী কার্যকলাপে আকৃষ্ট করা এবং জেহাদি আদর্শে দীক্ষিত করা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং আপত্তিকর নথি উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ধৃতদের জেরা করে তাদের অন্যান্য সহযোগী এবং নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই ঘটনা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।







