ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ পশ্চিম মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বিরোধী দলের বিধায়ক ও সাংসদেরা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং খড়্গপুর সদরের বিধায়ক দীনেন রায়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময়ে রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা এই বন্ডিংটাই তৈরি করতে চাইছি।’ এর আগে কল্যাণী, দুর্গাপুর এবং নবান্নেও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। বৈঠকে যোগ দিয়ে তৃণমূল বিধায়ক শিউলি সাহা বলেন, ‘আমরা জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করা আমাদের দায়। মানুষের কাজের জন্য বিরোধীরা আসবে, এটাই স্বাভাবিক। উন্নয়নের কাজে সকলেই সমর্থন করবে।’
প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে বর্ষাকালে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ঘাটাল মাস্টার প্ল্যানের উপর জোর দেওয়া হয়। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটাই আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের তফাত। এখন বিজেপি সরকার বিরোধীদের ডাকছে এবং তাদের কথাও শুনছে।’ মুখ্যমন্ত্রী জানান, আজ ৩৫ জন বিধায়ককে ডাকা হয়েছিল, যার মধ্যে দু’জন বিরোধী বিধায়কও ছিলেন।







