মুখ্যমন্ত্রীর ‘একটি গাছ মায়ের নামে’ অভিযান: রাজ্যে রোপণ হবে ১.১০ কোটি চারা, পরিকাঠামোয় সবুজায়ন বাধ্যতামূলক

বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা: রাজ্যে রোপণ হবে ১.১০ কোটি চারা গাছ। 'একটি গাছ মায়ের নামে' অভিযান শুরু, পরিকাঠামোয় সবুজায়ন বাধ্যতামূলক।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নলবনে এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের পরিবেশবান্ধব কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দিন তিনি আনুষ্ঠানিকভাবে ‘একটি গাছ মায়ের নামে’ অভিযানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতাল, কর্মসংস্থান, চাকরি ও বিনিয়োগের পাশাপাশি পরিবেশ ও অরণ্য রক্ষাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে। রাজ্য জুড়ে সবুজের পরিধি বাড়াতে নতুন সরকার ১ কোটি ১০ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শুধু গাছ লাগানোই নয়, সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে প্রতিটি চারাগাছ ভবিষ্যতে মহীরূহে পরিণত হতে পারে।

পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক বড় নিয়মের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, যে কোনও সরকারি পরিকাঠামো নির্মাণ এবং জাতীয় ও রাজ্য সড়কের রূপরেখায় বাধ্যতামূলকভাবে এক-তৃতীয়াংশ (১/৩) জায়গা জুড়ে গাছ লাগাতে হবে। বৃহত্তর কলকাতার পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আকাশপথে দেখলে বোঝা যায়, বারাসত থেকে সোনারপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে।”

অতীতে নিয়ম মেনে বৃক্ষরোপণ না হওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এই সরকার পরিবেশের বিষয়ে অত্যন্ত যত্নবান থাকবে। বাংলাকে সম্পূর্ণ নির্মল ও আবর্জনামুক্ত রাখতে ‘স্বচ্ছ অ্যাপ’-এর কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা নোংরা-আবর্জনার ছবি তুলে পাঠাতে পারবেন এবং প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে। কালীঘাট, দক্ষিণেশ্বর সহ রাজ্যের ধর্মীয় স্থানগুলির পরিচ্ছন্নতা রক্ষায় কড়া পদক্ষেপের বার্তাও দেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে স্কুল শিক্ষায় পরিবেশবিদ্যা এবং বৃক্ষরোপণের গুরুত্ব আরও বাড়ানো হবে। স্কুলগুলিতে ‘ইকো ক্লাব’ তৈরির উপরও জোর দেওয়া হয়েছে।