পুজোর আগেই স্বাস্থ্যসাথী উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুজোর আগেই স্বাস্থ্যসাথী উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে আনা হবে। দ্রুত কাজ শেষ করার জন্য পাঁচ দফা নির্দেশিকা জারি।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুলাই ২০২৬ঃ নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে, আসন্ন দুর্গাপূজার আগেই রাজ্যের সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের ঝাড়াই-বাছাইয়ের কাজ শেষ করে তাঁদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার এই বৈঠকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং জেলাশাসকরা উপস্থিত ছিলেন। ‘

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেন। তিনি প্রায় পাঁচ দফা নির্দেশিকা জারি করেছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য একটি ‘ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার’ তৈরি করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে, সরকারি অর্থ খরচের উপর কড়া নজর রাখতে হবে।

পরিষেবা প্রদানকারী আধিকারিকরা কে কোন দায়িত্বে রয়েছেন, তাঁদের নাম ও যোগাযোগের নম্বর প্রকাশ করতে হবে। এর ফলে সাধারণ মানুষ পরিষেবা পেতে কোনও সমস্যার সম্মুখীন হলে সরাসরি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। পুজোর আগেই এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়ায় প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।