কাজী নজরুল ইসলামের মূর্তির আলো চুরি, কোচবিহারে অন্ধকারে বিদ্রোহী কবি

কোচবিহারে কাজী নজরুল ইসলামের মূর্তির আলো চুরি! সমাজকর্মী শঙ্কর রায়ের তৎপরতায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: কোচবিহারে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির সামনে থেকে এলইডি লাইট চুরি হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবেছে বিদ্রোহী কবির মূর্তি। এই ঘটনায় কোচবিহার শহরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

কোচবিহারের সমাজকর্মী শঙ্কর রায়, যিনি ‘বাইক অক্সিজেনম্যান’ নামে পরিচিত, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মহাপুরুষদের প্রতিকৃতি দেখে যান। এদিন তিনি দেখতে পান, বিদ্রোহী কবির মূর্তির সামনে লাগানো আলো চুরি হয়ে গেছে। ঘটনার খোঁজখবর নিতে গিয়ে জানা যায়, নৃপেন্দ্র নারায়ন বিদ্যালয়ের সামনে থাকা এই প্রতিকৃতিতে আলো লাগানোর দায়িত্বে থাকা হোস্টেলের এক কর্মী জানান, তিনি প্রতিদিন রাতে আলো জ্বালিয়ে দেন এবং সকালে নিভিয়ে দেন। কিন্তু এদিন সকালে এসে দেখেন, দুটি এলইডি লাইট চুরি হয়ে গেছে। এতে তিনি নিজেও অত্যন্ত মর্মাহত।

শঙ্কর রায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এই মূর্তিটি এলাকার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার। অন্ধকারে মূর্তিটি দেখতে পেয়ে স্থানীয় অনেকেই মনঃক্ষুণ্ণ হয়েছেন। তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত চুরি যাওয়া লাইট দুটি নতুন করে লাগানোর ব্যবস্থা করা হোক, যাতে বিদ্রোহী কবি আবার আলোয় উদ্ভাসিত হন এবং এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকেও নজর রাখার অনুরোধ করেছেন তিনি।