ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেব, ‘নতুন তৃণমূলে’ যোগদানের জল্পনা ওড়ালেন

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেব। 'নতুন তৃণমূলে' যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন তিনি। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন।

Share:

ব্যুরো নিউজ, ৯ জুন ২০২৬ঃ সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূল সাংসদ দেবের বৈঠকের পর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল, তবে কি দেবও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন? মঙ্গলবার সেই সব জল্পনার অবসান ঘটালেন ঘাটালের তারকা সাংসদ।

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়ে দেব স্পষ্ট জানিয়ে দেন, “আমি কোনও নতুন তৃণমূলে যাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা সারা জীবন একই রকম থাকবে।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, আমি ততদিন ওঁর পাশে আছি এবং থাকব।” দেব তাঁর অবস্থান ব্যাখ্যা করে বলেন,

তিনি গতকাল দিল্লি বা আজ নবান্নে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের এবং ঘাটালের নির্বাচিত সাংসদ হিসেবে। তাঁর মূল লক্ষ্য ঘাটালের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন। এদিন মেদিনীপুরের দীর্ঘদিনের দাবি ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, “দীর্ঘ বছর ধরে আটকে থাকা এই ঘাটাল মাস্টার প্ল্যান এবার আমাদের নতুন সরকারই সম্পূর্ণ নিজের দায়িত্বে রূপায়ণ ও বাস্তবায়ন করবে।” দেবও মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে ভরসা প্রকাশ করে বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, তা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সফলভাবে শেষ হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।”