দুর্যোগপূর্ণ আবহাওয়া: দিঘা-মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা, জারি কড়া সতর্কতা

প্রবল নিম্নচাপের জেরে উত্তাল দিঘা-মন্দারমণির সমুদ্র। পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এর জেরে দিঘা, মন্দারমণি সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আগামী তিনদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা মোহনা উপকূল পুলিশের তরফে সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। উত্তাল সমুদ্রে নেমে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। অতীতে এমন পরিস্থিতিতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই এবার আগেভাগেই তৎপর হয়েছে প্রশাসন। পর্যটকদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধুমাত্র পর্যটকরাই নন, মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে কোনো ট্রলারকে গভীর সমুদ্রে যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত চলছে। আগামী কয়েক ঘণ্টাতেও এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।