ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে দুর্গাপুর থেকে হাওড়া পর্যন্ত একটি সরাসরি লোকাল ট্রেন চালুর আবেদন ক্রমশ জোরালো হচ্ছে। প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শিল্পাঞ্চলের হাজার হাজার মানুষ। বর্তমান ব্যবস্থায় হাওড়া যেতে হলে যাত্রীদের প্রথমে আসানসোল-বর্ধমান লোকালে চেপে বর্ধমান পৌঁছাতে হয়, তারপর সেখান থেকে হাওড়াগামী অন্য একটি ট্রেন ধরতে হয়। এই ট্রেন পরিবর্তনের ঝক্কি এবং সময়ক্ষেপণ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
যাত্রীদের বক্তব্য, সরাসরি লোকাল ট্রেন চালু হলে বর্ধমান স্টেশনে ট্রেন বদলানোর ভোগান্তি থেকে মুক্তি মিলবে। এছাড়াও, মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় লোকাল ট্রেনের ভাড়া অনেক কম হওয়ায় আর্থিক সাশ্রয় হবে। বহু মানুষ চিকিৎসার জন্য নিয়মিত কলকাতা যান, তাঁদের জন্যও সরাসরি ট্রেন অত্যন্ত জরুরি। এক্সপ্রেস ট্রেনগুলি দুর্গাপুর থেকে বর্ধমানের মাঝে সব স্টেশনে দাঁড়ায় না, ফলে অধিকাংশ যাত্রীকেই লোকাল ট্রেনের উপর নির্ভর করতে হয়।
জানা গিয়েছে, ২০০৭ সালে তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে এই বিষয়ে জানানো হলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সম্প্রতি রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর শিল্পাঞ্চলের বাসিন্দারা আবারও রেল কর্তৃপক্ষের কাছে এই দাবি নিয়ে দ্বারস্থ হয়েছেন। গলসির বিধায়ক রাজু পাত্রও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। সাধারণ মানুষের আশা, এবার তাঁদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হবে এবং রোজকার যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটবে।








