পূর্ব রেলে ট্রেন বা প্ল্যাটফর্মে নোংরা করলেই জরিমানা, শুরু হল ‘রেলওয়ে আপনাকে দেখছে’ অভিযান

পূর্ব রেলে ট্রেন ও প্ল্যাটফর্মে নোংরা করলে এবার দিতে হবে মোটা জরিমানা। 'রেলওয়ে আপনাকে দেখছে' অভিযানে সিসিটিভি ও আরপিএফের নজরদারি। অভিযোগ জানানোর জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুলাই ২০২৬ঃ পূর্ব রেলের আওতাধীন ট্রেন ও প্ল্যাটফর্মে নোংরা আবর্জনা ফেলা এবার থেকে আর বরদাস্ত করা হবে না। ট্র্যাফিক পুলিশের ধাঁচেই এবার করা হবে মোটা অঙ্কের জরিমানা। শনিবার, ৫ জুলাই, ২০২৬ থেকে পূর্ব রেলের একাধিক ডিভিশনে এই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। এমনকি বিহার ও ঝাড়খণ্ডের বেশ কিছু স্টেশনেও এই নিয়ম লাগু হয়েছে। রেল স্টেশন ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পূর্ব রেলের এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলওয়ে আপনাকে দেখছে’ বা ‘Railway is Watching You’। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। হাওড়া ছাড়াও শিয়ালদা, মালদা এবং আসানসোল ডিভিশনেও এই নিয়ম চালু হচ্ছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে রেল।

জিএম জানান, রেল সংলগ্ন এলাকায় নোংরা করতে ধরা পড়লে আরপিএফ সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ২০০ টাকা জরিমানা করবে। এর জন্য সিসিটিভি ক্যামেরা, কর্মী এবং আধিকারিকরা নিরন্তর নজরদারি চালাবেন। পূর্ব রেলের মোট ৪৮৮টি স্টেশন সহ বিহারের ৬৮টি এবং ঝাড়খণ্ডের ৬৬টি স্টেশন মিলিয়ে মোট ৫৮২টি স্টেশনে এই কর্মসূচি চালু হয়েছে। যাত্রীরা যদি কাউকে স্টেশন সংলগ্ন এলাকায় প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল, আবর্জনা বা থুথু ফেলতে দেখেন, তাহলে সরাসরি ৯০০২০২২৭৮০ হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। দূরপাল্লার ট্রেনে কামরা পরিষ্কার রাখার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে রেল লাইনে আবর্জনা ছড়ানোর অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।