বিমান সংস্থার সঙ্গে ‘অবৈধ’ লেনদেন, তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

ইডি-র হাতে ফ্রিজ তৃণমূলের ৪৪০ কোটি টাকা। বিমান সংস্থার সঙ্গে ‘অবৈধ’ লেনদেনের অভিযোগে PMLA আইনে এই পদক্ষেপ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তৃণমূলের।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুলাই ২০২৬ : আর্থিক তছরুপ মামলায় আরও বিপাকে শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করেছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) বা আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে এই পদক্ষেপ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একটি বিমান সংস্থার সঙ্গে ‘অবৈধ’ লেনদেনের সূত্র ধরেই এই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালায় ইডির একাধিক দল। এর মধ্যে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থার মালিকের অফিস ও বাড়িতেও অভিযান চালানো হয়। এই সংস্থার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। ইডির দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে, যা ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে।

শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডির এই পদক্ষেপ বেআইনি এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করা হয়েছে। সমাজমাধ্যমেও কালীঘাট তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। ইডির এই পদক্ষেপের পর তৃণমূলের পরবর্তী অবস্থান কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।