ব্যুরো নিউজ, ১লা জুলাই ২০২৬ঃ বাংলায় বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই ইলিশের চাহিদা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন জেলায় বাজারগুলিতে রূপোলি শস্যের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। তবে এবারের ইলিশের যোগান নিয়ে ক্রেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বাজারে যে বিপুল পরিমাণ ইলিশ মিলছে, তার অধিকাংশই পদ্মার নয়, বরং মায়ানমার থেকে আসছে বলে জানা গেছে। বর্তমানে ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, দেড় কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২৮০০ টাকা প্রতি কেজি। দাম নাগালের মধ্যে থাকলেও পদ্মার ইলিশের অপেক্ষায় অনেকেই কেনাকাটা থেকে বিরত থাকছেন, যার ফলে ইলিশের বিক্রি তেমন বাড়ছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। অভিযোগ উঠেছে যে, কিছু অসাধু ব্যবসায়ী মায়ানমারের ইলিশকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দিচ্ছেন।
একবার নিম্নমানের ইলিশ কিনে ঠকে যাওয়ার পর ক্রেতারা ইলিশ কেনায় আগ্রহ হারাচ্ছেন, যা সামগ্রিকভাবে ব্যবসার ক্ষতি করছে। ডায়মন্ডহারবারের কিছু ইলিশ সুস্বাদু হলেও, তা পদ্মার ইলিশের বিকল্প হতে পারে না। তাই বাজারে ইলিশ কেনার সময় ক্রেতাদের ভালো করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে পয়সা খরচ করেও ঠকতে না হয়।








