হাওড়া ডিভিশনে পাওয়ার ব্লকে দু’দিন বাতিল একাধিক ট্রেন, পূর্ব রেলের বিজ্ঞপ্তি

হাওড়া ডিভিশনে পাওয়ার ব্লকের জেরে ১১ ও ১৩ জুলাই বাতিল একাধিক ট্রেন। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত। যাত্রীদের ভোগান্তি।

Share:

ব্যুরো নিউজ, ১০ জুলাই ২০২৬ঃ: পূর্ব রেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনে (Howrah Division) বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১১ ও ১৩ জুলাই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই পাওয়ার ব্লকের জেরে যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। ব্যান্ডেল-শক্তিগড় শাখার বৈঁচি ও মগরার মধ্যে রিভার্স ও ডাউন লাইনে ডিসি থেকে এসি-তে রূপান্তরের কাজ চলবে। এর জন্য ওই দু’দিন রাত ২:৪০ মিনিট থেকে ভোর ৪:৪০ মিনিট পর্যন্ত দু’ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।

পূর্ব রেল জানিয়েছে, এই ব্লকের কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে বর্ধমান থেকে ৩৭৮১২, ৩৭৭৮৬ এবং হাওড়া থেকে ৩৭৮১১। এছাড়া ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ নম্বরের ট্রেনটিও বাতিল করা হয়েছে। দূরপাল্লার যাত্রীদের জন্যও রয়েছে দুঃসংবাদ। ১৩১৮৬ জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেসকে যাত্রাপথে ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও, স্পেশাল বা দেরিতে চলা ট্রেন, ব্লক চলাকালীন নতুনভাবে চালু হওয়া ট্রেন, পার্সেল ট্রেন এবং টিওডি-কেও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের সঠিক তথ্যের জন্য স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার পরামর্শ দিয়েছে। এই আকস্মিক ট্রেন বাতিলের জেরে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের এই পদক্ষেপের ফলে সাময়িক ভাবে রেল পরিষেবা ব্যাহত হবে।