ব্যুরো নিউজ, ৪ জুলাই ২০২৬ঃ মুর্শিদাবাদের রেজিনগর থানায় দীর্ঘ চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। গত ২৬ জুন রেজিনগরে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সূত্রেই শনিবার সকাল সাড়ে ১১টার আগেই থানায় হাজিরা দেন প্রাক্তন বিধায়ক। জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা তাঁর উত্তরে সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়ায় আগামী ১৪ জুলাই ফের তাঁকে তলব করা হয়েছে।
থানায় ঢোকার আগে হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তিনি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হতে প্রস্তুত। তাদের তালিকাও তৈরি রয়েছে। এই মন্তব্যের পর তাঁর গ্রেপ্তারি নিয়ে জল্পনা শুরু হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে এসে হুমায়ুন কবীর বলেন, পুলিশের তরফে ১০ পাতার একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছিল এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। বিধায়ক আরও দাবি করেন, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে এবং তিনি ১৪ তারিখেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত।
তবে পুলিশ সূত্রে খবর, হুমায়ুন কবীরের দেওয়া তথ্যে সম্পূর্ণ সন্তুষ্ট নন তদন্তকারীরা। বিশেষত, তাঁর বিতর্কিত ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য প্রসঙ্গে আরও স্পষ্ট জবাব চাওয়া হয়েছে। তাই আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুনরায় ডাকা হয়েছে। আগামী ১৪ জুলাইয়ের হাজিরায় নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই ঘটনায় মুর্শিদাবাদের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।








