মালদায় অবৈধ পোস্ত চাষ রুখতে এবার ড্রোনের সাহায্য পুলিশের

মালদায় অবৈধ পোস্ত চাষ রুখতে এবার ড্রোনের চোখে পুলিশ। পুখুরিয়া থানা এলাকায় চলছে বিশেষ নজরদারি, সাধারণ মানুষকেও সতর্ক থাকার বার্তা।

Share:

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: মালদা জেলায় অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে এবার অভিনব পদ্ধতি নিল পুলিশ। একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা চলছে, তেমনই নজরদারিতে কোনওরকম ফাঁক রাখতে নারাজ তারা। পোস্ত চাষের মরশুম শুরু হতেই জেলা পুলিশ আরও সতর্ক হয়েছে এবং নজরদারিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ড্রোন ক্যামেরা।

বুধবার সকাল থেকেই মালদার পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পুলিশের বিশেষ নজরদারি অভিযান শুরু হয়। ড্রোন ক্যামেরা উড়িয়ে আকাশপথে বিস্তীর্ণ এলাকা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। কোথাও গোপনে জমিতে অবৈধভাবে পোস্ত চাষ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

শুধু ড্রোনের মাধ্যমে নজরদারিই নয়, অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। এলাকার কোথাও সন্দেহজনকভাবে পোস্ত চাষ হচ্ছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি কোনওরকম বেআইনি চাষের খবর থাকলে পুলিশকে জানানোর বার্তাও দেওয়া হয়।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধারাবাহিক নজরদারির ফলে পুখুরিয়া থানা এলাকায় এখনও পর্যন্ত অবৈধ পোস্ত চাষের কোনও তথ্য সামনে আসেনি। তবে তাতেও নিশ্চিন্ত হতে নারাজ পুলিশ। আগামী দিনেও ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চলবে বলে জানানো হয়েছে।

মাদকদ্রব্য তৈরির অন্যতম কাঁচামাল পোস্ত চাষের বিরুদ্ধে প্রশাসনের এই কড়া অবস্থান কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। প্রযুক্তির ব্যবহার এবং ধারাবাহিক তল্লাশির মাধ্যমে মালদা জেলায় অবৈধ পোস্ত চাষ সম্পূর্ণভাবে নির্মূল করাই এখন জেলা পুলিশের লক্ষ্য। এই উদ্যোগে সাধারণ মানুষের সহযোগিতা পেলে তা আরও ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।