ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রীর দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। নতুন মন্ত্রীর বার্তা, শিক্ষা ব্যবস্থায় আর দুর্নীতি থাকবে না, প্রতি বছর স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বুধবার বিজেপি মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পর উচ্চ শিক্ষার দায়িত্ব পান জগন্নাথবাবু।
এরপরই বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে উৎকর্ষের শীর্ষে পৌঁছে দেওয়াই বিজেপি সরকারের প্রধান উদ্দেশ্য। জগন্নাথ চট্টোপাধ্যায় আশ্বাস দেন, এখন থেকে প্রতি বছর নিয়ম মেনে SSC, CSC, PSC পরীক্ষা হবে। মেধার ভিত্তিতেই চাকরি মিলবে, টাকা দিয়ে চাকরি পাওয়ার দিন শেষ। তিনি বাম আমলের ‘মধ্যমেধার চাষ’ এবং তৃণমূল সরকারের ‘মেধাহীনতার’ সমালোচনা করে বলেন, মানুষ বিজেপিকে বেছে নিয়েছে এই অবস্থার পরিবর্তনের জন্য। নতুন জাতীয় শিক্ষানীতি এ রাজ্যেও হুবহু মেনে নেওয়া হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্বশাসন বজায় থাকবে বলেও জানান মন্ত্রী।
তবে আর্থিক দুর্নীতি ছাড়াও উচ্চ শিক্ষায় যে অন্যান্য ধরনের দুর্নীতি হয়েছে, তা বন্ধ করা হবে। সরকারি আধিকারিকদের নির্দিষ্ট সময়ে অফিসে প্রবেশ করতে হবে এবং স্বজন-পোষণ বন্ধের নির্দেশ দেন তিনি। সম্প্রতি সুরেন্দ্রনাথ কলেজে বিলাসবহুল আয়োজন নিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন জগন্নাথবাবু। তিনি বলেন, গত ১৫ বছরে রাজ্যের শিক্ষাব্যবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে, তবে এবার আমূল পরিবর্তন আসবে। নতুন টিম শিক্ষা দপ্তরে কাজ করবে।







