ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ তোলাবাজি ও জালিয়াতি মামলায় ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট ও গেঞ্জি পরিয়ে ডায়মন্ড হারবারের ফলতা এলাকায় ঘোরানোর ঘটনায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রাজ্য পুলিশের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। এর আগেও হাওড়া ও উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে বা অসম্মানজনক অবস্থায় জনসমক্ষে ঘোরানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে, যেখানে পুলিশের এমন কার্যকলাপকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকা অনুযায়ী, ধৃতদের প্রকাশ্যে এভাবে অমর্যাদা করা আইনত নিষিদ্ধ। তা সত্ত্বেও ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
স্থানীয় সূত্রে খবর, এদিন পুলিশি হেফাজতে থাকা জাহাঙ্গির খানকে একটি সাধারণ হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে এলাকায় নিয়ে আসা হয়। যাঁকে কদিন আগেও দামি পোশাকে দেখা যেত, তাঁর এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা রীতিমতো অবাক। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে অভিযুক্তকে নিয়ে যাওয়া পুলিশের রুটিন প্রক্রিয়া হলেও, এই ধরনের পোশাক পরিয়ে জনসমক্ষে ঘোরানো নিয়ে প্রশ্ন উঠেছে। গত সোমবার ভারত-নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের এসটিএফ জাহাঙ্গির খানকে গ্রেফতার করে। মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল ও মারধর সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। হাইকোর্টের মামলার শুনানির আগেই এই ঘটনা নতুন করে আইনি ও রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি করেছে।







