নিউজ ব্যুরো, ৫ জুলাই ২০২৬: আসানসোলের জামুড়িয়ায় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল। রবিবার সকালে ৭ নম্বর ওয়ার্ডের বালানপুর গ্রামে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও লাঠি নিয়ে হামলা চলে, যাতে মহিলা সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি কারখানার জন্য জমি অধিগ্রহণের কাজ চলছিল। কারখানাটি কোন পাড়ায় তৈরি হবে, তা নিয়ে সিং পাড়া ও বাউরি পাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিবাদ চলছিল। উভয় পাড়ার দাবি, তাদের এলাকাতেই কারখানাটি তৈরি করা হোক, কারণ এর ফলে ক্ষতিপূরণ, চাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এই সুবিধাগুলি পাওয়ার আশাতেই দুই পাড়ার মধ্যে চাপা উত্তেজনা ছিল, যা রবিবার সকালে চরম আকার ধারণ করে।
সংঘর্ষের সময় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। দুষ্কৃতীরা একে অপরের দিকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে এবং লাঠি নিয়ে আক্রমণ করে। স্থানীয়রা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








