কালীপুজোয় কড়া নিরাপত্তা, বাজি বিক্রিতে সবুজ সংকেত, নির্দেশিকা অমান্যে কঠোর ব্যবস্থা

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সবুজ বাজি ব্যবহারে জোর, নির্দেশিকা অমান্যে কঠোর পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে জঙ্গলমহল জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। উৎসবের আবহে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। পুজো মণ্ডপের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগের নজরদারি এবং যান চলাচল নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন, উৎসবকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। জেলার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই পুলিশের পদস্থ আধিকারিকরা পরিদর্শন করছেন।

মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের পথ সুগম রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল রাখা এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে। যানজট এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা এবং পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। বাজি বিক্রি ও পোড়ানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে।

পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানোর অনুমতি রয়েছে। অন্য কোনও ধরনের বাজি বিক্রি বা ব্যবহার করা যাবে না। অবৈধ বা অননুমোদিত বাজি বিক্রি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

পুলিশ সুপার আরও জানান, বাজি ব্যবসায়ীদের শুধুমাত্র অনুমোদিত কিউআর কোডযুক্ত সবুজ বাজি বিক্রি করতে হবে। জেলায় এখনও পর্যন্ত অবৈধ বাজি বিক্রির কোনও খবর না থাকলেও, এমন কোনও তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসন সবরকম সহযোগিতা করবে।