রোজগারের আশায় ভিনরাজ্যে পাড়ি, সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু ১৮ বছরের যুবকের! শোকস্তব্ধ সাগরদিঘি

রাজমিস্ত্রির কাজে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হল ১৮ বছরের যুবকের। মুর্শিদাবাদের সাগরদিঘির গোকুলতা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Share:

ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ১৮ বছরের জাহিমদ্দিন শেখের। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের গোকুলতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০-২২ দিন আগে কাজের সন্ধানে হুগলি জেলায় গিয়েছিলেন গোকুলতা গ্রামের বাসিন্দা জাহিমদ্দিন। সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। গত ৩ নভেম্বর রাতে কাজ সেরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন।

অভিযোগ, রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে ঘুমন্ত অবস্থায় তাঁকে একটি বিষধর সাপ কামড়ায়। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত জাহিমদ্দিনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মাত্র ১৮ বছর বয়সে এক তরতাজা প্রাণের এমন অকাল মৃত্যুতে জাহিমদ্দিনের পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। গোটা গোকুলতা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জানা গিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে আনা হবে। একটি পরিবারের স্বপ্ন ও আশা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ায় এলাকায় শোকের বাতাবরণ।